1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

দুবলার চরে রাস উৎসবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, ১০৭ জন আটক বন আইনে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায়, পরে মুক্তি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

বাগেরহাট প্রতিনিধি

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে রাস উৎসব ও পুণ্যস্নান ঘিরে অবৈধ পথে প্রবেশের চেষ্টার অভিযোগে ১০৭ জনকে আটক করেছে বন বিভাগ। পরে বন আইনের বিভিন্ন ধারায় তাঁদের কাছ থেকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এর আগে গত ২২ ও ২৩ নভেম্বর রাতভর পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোর কোলে প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এবারের আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে পুণ্যার্থীদের যাতায়াতের জন্য বন বিভাগের পক্ষ থেকে পাঁচটি নির্ধারিত নৌপথ ঠিক করা হয়েছিল।

তবে আটক ব্যক্তিরা নির্ধারিত নৌপথ ব্যবহার না করে নিজেদের নাম-পরিচয় গোপন রেখে অবৈধভাবে উৎসবস্থলে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ধর্মীয় আয়োজনের শৃঙ্খলা বজায় রাখতে বন বিভাগের নজরদারি ও টহল জোরদার করা হয়েছিল। নির্ধারিত পাঁচটি পথের বাইরে দিয়ে প্রবেশের চেষ্টাকালে ১০৭ জনকে আটক করা হয়। পরে বন আইন অনুযায়ী তাঁদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল রক্ষা এবং উৎসবের পরিবেশ সুশৃঙ্খল রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বরদাশত করা হবে না।

এদিকে এবারের রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরে হিন্দু সম্প্রদায়ের ১০ হাজারের বেশি পুণ্যার্থী অংশ নেন। বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উৎসবস্থল ও যাতায়াতের নৌপথে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..