কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে চার কোটি ২০ লাখ টাকা মূল্যের এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের মিজানের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করে ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল।
আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-এর বাসিন্দা মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের ব্লক-ই-এর বাসিন্দা মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় টহল দলের। পরে তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।
পরে তাদের সঙ্গে থাকা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টনে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।