1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে কানাইঘাট উপজেলা প্রশাসন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৭

জাকির আহমদ সাজেদ,
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে কানাইঘাট উপজেলা প্রশাসন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার (২২ জুন) কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহদী হাসান শাকিলের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় তাপস চক্রবর্তী তুষার বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে আমি আপনাদের পাশে এসেছি। কাতারের এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে শুধু কানাইঘাট নয়, পুরো দেশ শোকাহত। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্বসহকারে উপস্থাপন করেছেন।”

তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”

এ দিকে ঘটনার পর তাৎক্ষণিক ৮নং ঝিঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বকর নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন, নিহতদের পরিবারে আর্থিক সহায়তা ও তাদের ছেলে মেয়েদের পড়ালেখার দায়িত্ব বহনের আশ্বাস দেন। তাদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে যতটুকু সম্ভব সর্বোচ্চ সহায়তার কথাও জানান তিনি।

উল্লেখ্য, গত রোববার কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহতরা হলে: ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন, আগতালুক গ্রামের মস্তাক আহমদ, একই গ্রামের জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের কাদের আহমদ।

প্রিয়জন হারানোর শোকে মুহ্যমান পরিবারগুলোর পাশে প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। শোকের এই কঠিন সময়ে উপজেলা প্রশাসনের সহমর্মিতা কিছুটা হলেও স্বজনহারাদের সাহস ও সান্ত্বনা জুগিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..