1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

কুমিল্লার এইচএসসির কেন্দ্রে জলাবদ্ধতার জেরে সাত শিক্ষক ওএসডি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত
৪৭

মোঃ আবুল হাসেম মিয়াজী

কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে জলাবদ্ধতার জেরে সাতজন শিক্ষককে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন চলতি বছরের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন।

আরেকজন ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তবে তিনি পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন না।
গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদদূস স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আমেনা বেগম যুগ যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ওএসডি করা শিক্ষকদের কক্সবাজার, সিলেট, নোয়াখালী, বরগুনাসহ বিভিন্ন জেলায় সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। আগামী ২৯ জুলাইয়ের মধ্যে ওই সাত শিক্ষককে বর্তমান কর্মস্থল ত্যাগ করতে হবে। তাঁদের মধ্যে কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলমকে চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেককে কক্সবাজার সরকারি কলেজে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়াকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারকে লক্ষ্মীপুর সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিনকে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনকে বরগুনা সরকারি কলেজে সংযুক্ত বা বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম পরীক্ষা ব্যবস্থাপনায় ছিলেন না।
তিনি ওই সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তাঁর ছেলে ওই কেন্দ্রের পরীক্ষার্থী হওয়ায় তিনি পরীক্ষাসংক্রান্ত কোনো দায়িত্ব পালন করেননি।
বদলির আদেশ হাতে পেয়ে এক শিক্ষক বলেন, ‘তিন ঘণ্টায় কুমিল্লা নগরে ১০৭ মিলিমিটার বৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া জলাবদ্ধতা নগরের দীর্ঘদিনের সমস্যা। এখানে শিক্ষকদের অপরাধটা কোথায়? আমরা তো ইচ্ছা করে জলাবদ্ধতা সৃষ্টি করিনি।

এ ছাড়া নগরের জলাবদ্ধতা নিরসন করবে সিটি করপোরেশন। তাহলে কেন আমাদের এভাবে বদলি করা হলো?’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..