1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

খুলনা সুন্দরবনে কোস্টগার্ড ও ‘দুলাভাই বাহিনীর’ বন্দুকযুদ্ধ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত
৪১

খুলনা সংবাদদাতা

সুন্দরবনের বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। রাতভর অভিযানের পর বাহিনীটির প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে সুন্দরবনের বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানের একপর্যায়ে বাহিনীটির প্রধান রবিউল ইসলামকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করে কোস্টগার্ড।
শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে আবারও তাকে কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসা নথি অনুযায়ী, কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামকে হাসপাতালে আনা হলে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়।

স্থানীয়দের দাবি, রবিউল ইসলামই সুন্দরবনের কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধান। একসময় সুন্দরবনে ‘ইলিয়াস বাহিনী’ নামে পরিচিত একটি বনদস্যু চক্রের ত্রাস ছিল। বাহিনীটির প্রধান ইলিয়াস নিহত হওয়ার পর ২০২৪ সালে তার বোনের স্বামী রবিউল ইসলাম নতুন একটি দল গঠন করেন। পরে স্থানীয়দের মুখে মুখে সেটি ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিতি পায়।

ঘটনার বিষয়ে কয়রা থানার ওসি শাহ আলম বলেন, বনের মধ্যে গোলাগুলির খবর শুনেছি। তবে এ বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। বিষয়টি কোস্ট গার্ড দেখছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলামও বলেন, আমরাও বিষয়টি শুনেছি। বিস্তারিত তথ্য কোস্টগার্ড জানাতে পারবে।

এদিকে কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরবনের কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অভিযানে বাহিনীটির প্রধান রবিউল ইসলাম গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন।

কোস্টগার্ড আরও জানায়, অভিযানে অংশ নেওয়া সদস্যরা এখনও মাঠে রয়েছেন। অভিযান শেষ হলে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..