তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জে নানা আয়োজন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস।
দিবসটি উপলক্ষে নানা রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি সমন্বিত ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে ভবনের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা প্রকৌশলী ফারহানা ফেরদৌসী স্বাগত বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায় খাতকে শক্তিশালী করতে হলে সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে হবে। সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। সমবায়কে স্বাবলম্বী করতে হলে একযোগে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় সমবায় দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে সমবায় আন্দোলনের প্রসার, সমবায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব নতুন করে তুলে ধরা হয়।