গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের নতুন ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, পরিচিতি অনুষ্ঠান এবং কমিটি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু ও সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি গোলাম কিবরিয়া সরকার রিপন, সিনিয়র সহ-সভাপতি রেহেনা আফরোজ, সাধারণ সম্পাদক আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক আফছানা আফরোজ ঝিনুক এবং পূর্ব অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাসুমুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রাথমিক সহকারী শিক্ষকদের পেশাগত মর্যাদা, ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের উপস্থিতিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের নবগঠিত ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়।