চট্টগ্রামপ্রতিনিধি:
পণ্যের কায়িক পরীক্ষা (ফিজিক্যাল এক্সামিনেশন) নিয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের জারি করা ১৪ টি নির্দেশনা মানতে রাজি নন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা। তারা ‘ব্যবসাবান্ধব পরিবেশের পরিপন্থি’ উল্লেখ করে এসব নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, নির্দেশনাগুলো কার্যকর হলে আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য জাহাজীকরণে সময় ও ব্যয় দুটোই বাড়বে। দেখা দেবে পণ্যজট। বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে তৈরি হবে দীর্ঘসূত্রিতা। সার্বিক ব্যবসা-ব্যয় বৃদ্ধি পাবে।
অন্যদিকে, কাস্টম কর্তৃপক্ষের দাবি মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি রোধ এবং সঠিক রাজস্ব আদায় নিশ্চিত করতেই মূলত এই নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে।উদ্ভুত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে আজ মঙ্গলবার পোর্ট ইউজার্স ফোরামের উদ্যোগে একটি সভা ডাকা হয়েছে। নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সভাটি হওয়ার কথা।নির্দেশনাগুলোর বিপক্ষে কঠোর অবস্থানে রয়েছেন ব্যবসায়ীরা। প্রয়োজনে এ নিয়ে তারা আন্দোলনে যেতে পারেন বলে অভাস মিলেছে।
জানা গেছে, গত ২ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে কায়িক পরীক্ষার ক্ষেত্রে আবশ্যিকভাবে পালনীয় ১৪ টি নির্দেশনা দেওয়া হয়। কাস্টমস আইন ২০২৩ এর ধারা ২৬৬ এ প্রদত্ত ক্ষমতাবলে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন,কাস্টম কর্তৃপক্ষের জারি করা ১৪ টি নির্দেশনা আমদানিকারকদের পণ্য অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অন্তরায়। যেখানে সরকার চাচ্ছে ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে ,সেখানে এগুলো উল্টো বাধা হয়ে দাঁড়াবে। অফিস আদেশটি প্রত্যাহার না করলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
তিনি বলেন,সরকার কায়িক পরীক্ষা এক শতাংশের নিচে নামিয়ে আনতে চায়। নতুন নির্দেশনাগুলোর কারণে এই পরিমাণ আরও বেড়ে যাবে। পণ্য খালাসে সময় বেশি লাগবে। ব্যয় বাড়ার পাশাপশি বন্দরে পণ্যজট তৈরি হবে।
তিনি বলেন, কায়িক পরীক্ষার নিয়মগুলো এতদিন ব্যবসায়ীরা মেনে আসছেন। এক্সেত্রে নতুন নির্দেশনার প্রয়োজন নেই।
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি হওয়া পণ্যের শুল্কায়ন হয়ে থাকে চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে। দেশের কাস্টম স্টেশনগুলোর মধ্যে এখানে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। গত ২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউস ৮১ হাজার ৪৭১ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। প্রতিদিন পণ্যচালানের বিপরীতে আড়াই থেকে তিন হাজার বিল অব এন্ট্রি দাখিল হয়ে থাকে। সাধারণত কোনো চালান নিয়ে সন্দেহ দেখা দিলে কায়িক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। অর্থাৎ কাস্টম কর্মকর্তারা আমদানিকারকের প্রতিনিধির উপস্থিতিতে ঘোষণার সঙ্গে পণ্যের মিল আছে কিনা, খতিয়ে দেখেন। সাধরাণত ১০ শতাংশের কম পণ্যচালান কায়িক পরীক্ষার আওতায় আসে। তবে নতুন নির্দেশনার কারণে এই পরিমাণ আগের চেয়ে অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
কাস্টমসের অফিস আদেশের ১৪ টি নির্দেশনার মধ্যে রয়েছে-পরীক্ষণ ডিভিশনের অধীনে কর্মরত পরীক্ষণ কর্মকর্তারা নির্ধারিত পরীক্ষণ জোনসমূহের অধিক্ষেত্র যথাযথভাবে অনুসরণ করতে হবে।পণ্য চালানের কনটেইনার একাধিক পরীক্ষণ জোনে থাকলে সর্বাধিক সংখ্যক কনটেইনার যে জোনে থাকবে সেখানে পরীক্ষণ সম্পন্ন করতে হবে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমসের নিচে নয়, এমন কর্মকর্তা কর্তৃক পরীক্ষণকারী কর্মকর্তা মনোনয়ন প্রদান করতে হবে। পরীক্ষণ কর্মকর্তা মনোনয়নের ক্ষেত্রে বিল অব এন্ট্রি নির্ধারিত স্থানে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনারের স্বাক্ষর ও নামের সিল প্রদান করতে হবে. মনোনীত কর্মকর্তার নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।