চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,
চুয়াডাঙ্গা জেলা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে পণ্ড হয়ে গেছে। এ সময় কনের মাকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র এ অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গুলশানপাড়া এলাকায় এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছে, এমন সংবাদে উপজেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। বরপক্ষ আসার আগেই প্রশাসনের কর্মকর্তারা কিশোরীর বয়স যাচাই-বাছাই করেন। বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় বাল্যবিয়ের সত্যতা নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
পরে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের মাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে আর বিয়ের আয়োজন করবেন না, এ মর্মে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, মেয়েটির বাবা না থাকায় তার মাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।