1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

টেকনাফে বিজিবির অভিযানে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে বিজিবি। একই সঙ্গে জব্দ করা হয়েছে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল।

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফের আদর্শগ্রাম এলাকায় পাঁচটি চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহজনক দুটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় মোটরসাইকেলে থাকা তিনজন পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা।

পরে আটক করা দুটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের অভ্যন্তরে এসব সরঞ্জাম লুকিয়ে পরিবহন করা হচ্ছিল।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, একটি ম্যাগাজিন ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, প্রায় ৯ কেজি বিভিন্ন ধরনের বিস্ফোরক ও গানপাউডার, ১১ কেজির বেশি স্টিলের ছোট বল, তিন কেজি পেরেক, বৈদ্যুতিক তার, স্কচটেপসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক দুইজন হলেন টেকনাফের বাসিন্দা মোহাম্মদ মেহেদী হাসান (১৯) ও মোহাম্মদ ইব্রাহিম (১৮)।

বিজিবির দাবি, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক পরিবহন করা হচ্ছিল। তবে এসব সরঞ্জামের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানিয়েছেন, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং উদ্ধার করা অস্ত্র, বিস্ফোরক ও জব্দ করা যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..