1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

জামায়াত মিথ্যা ও অপকর্মের রাজনীতি করে: দুদু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত
৪৫

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিথ্যা ও অপকর্মের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘দেশে অপকর্ম করে একটি গোষ্ঠী, আর দোষ চাপানোর চেষ্টা করে সরকারের ওপর। জামায়াতে ইসলাম মিথ্যা ও বিভ্রান্তির রাজনীতি করে। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করে।’

বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

দুদু বলেন, হামের বিষয়ে পাঁচ-ছয়বার লিখিতভাবে আগের সরকারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। হামের মতো রোগ, যেটি আমরা নির্মূল করেছিলাম, সেই রোগও আবার ফিরে এসেছে আগের সরকারের ব্যর্থতার কারণে। এখন সরকার জরুরি ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

তিনি ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে বলেন, অনেক ফার্মেসি আগে রাত সাতটা-আটটার মধ্যে বন্ধ হয়ে যেত। কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে তারা সারারাতও সেবা দিচ্ছে। এটি প্রশংসনীয়।

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরও বলেন, এরা এমন একটি রাজনৈতিক অংশ, যাদের মিথ্যা ছাড়া আর কিছু নেই। ১৯৪৭ সালে এরা পাকিস্তানের পক্ষে ছিল না। ১৯৭১ সালে যখন দেশের সাধারণ মানুষ বুঝেছিল বাংলাদেশ স্বাধীন হবেই, তখনো তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল এই শক্তি।

শামসুজ্জামান দুদু আরও বলেন, আজকে তারা মুখোশ পরে দেশের ভালো চাওয়ার কথা বলে। কিন্তু মানুষ এখন সচেতন। দেশের মানুষ জানে কে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কে ছিল বিপক্ষে।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, গত সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের হাতে তুলে দিয়েছিল। এখন সত্যিকারের শিক্ষাবিদদের ভাইস চ্যান্সেলর (ভিসি) করা হলে তারা সেখানে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে।

বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ তুলে দুদু বলেন, ১৮ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। এমন কোনো নেতা-কর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, জেল হয়নি বা নির্যাতনের শিকার হয়নি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে রাখা হয়েছিল।

তিনি বলেন, তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করছেন। আমাদের সবাইকে তার পাশে দাঁড়াতে হবে এবং তার হাতকে শক্তিশালী করতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, অপকর্ম যারা করছে তারা বিএনপি করে না। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. এবি সিদ্দিকী হাওলাদার। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. সুকোমল বড়ুয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..