1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

জয় জগন্নাথ ধ্বনিতে মুখর রাজশাহী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত
৩৬

রাজশাহী ব্যুরো
ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাঁসর-ঘণ্টা, ঢাক-ঢোল এবং ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে নগরী। রথযাত্রাকে কেন্দ্র করে হাজারো ভক্ত-দর্শনার্থীর পদচারণায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।

সনাতন ধর্মীয় বিশ্বাসে ‘রথস্থ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে’—অর্থাৎ রথে আরোহী বামনরূপী শ্রীজগন্নাথদেবকে দর্শন করলে পুনর্জন্ম থেকে মুক্তি লাভ হয়। এই বিশ্বাসকে ধারণ করে জগতের নাথ শ্রীজগন্নাথের কৃপালাভের আশায় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভক্তরা রথযাত্রায় অংশ নেন।

রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রাজশাহী এবং ঐতিহ্যবাহী শ্রীশ্রী হনুমান জিউর আখড়া মন্দির কমিটির উদ্যোগে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিকেলে নগরীর রেশমপট্টি এলাকার ইসকন মন্দির এবং সাহেববাজার এলাকা থেকে সুসজ্জিত রথ নিয়ে শোভাযাত্রা বের হয়। রথে শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর বিগ্রহ স্থাপন করে নগর পরিক্রমা করা হয়।

শোভাযাত্রাটি কুমারপাড়া, সাহেববাজার জিরোপয়েন্ট, বাটার মোড়, রানীবাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হাজার হাজার ভক্ত রথের দড়ি টেনে অংশ নেন। সড়কের দুই পাশে অবস্থান নেওয়া অসংখ্য নারী-পুরুষ ভক্ত ফলমূল, ফুল ও অন্যান্য উপাচার দিয়ে ভগবানের প্রতি অর্ঘ্য নিবেদন করেন।

সকাল থেকেই নগরীর বিভিন্ন মন্দিরে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি এবং মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ রাজভোগ নিবেদন, শ্রীমদ্ভগবদ্‌গীতা পাঠ ও সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে আগত সহস্রাধিক ভক্ত ও দর্শনার্থীর মাঝে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়।

রথযাত্রাকে ঘিরে রাজশাহীর সাগরপাড়া ও আশপাশের এলাকায় বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা। মেলায় বাহারি খেলনা, মাটির তৈরি তৈজসপত্র, বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী, ঐতিহ্যবাহী মিষ্টি ও মণ্ডাসহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলাটি ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়েছে।

উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শোভাযাত্রার রুটজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, আগামী সাত দিন পর ‘উল্টো রথযাত্রা’র মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা মহারানীর নিজ মন্দিরে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..