নারায়ণগঞ্জপ্রতিনিধি,
গঞ্জের সিদ্ধিরগঞ্জের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন।
বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে কারখানাটির গুদামে আগুনের এ ঘটনা ঘটে।
এর আগে ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত কারখানাটির স্টোর রুমে আগুন লাগে বলে জানা যায়।
জানা গেছে, ভোরে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের স্টোর রুমে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন মুহূর্তেই ছড়িয়ে গেলে পুরো ইপিজেডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা সম্ভব হয়নি।
এদিকে আগুনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বেপজা কর্তৃপক্ষ ভেতরে প্রবেশে বাধা প্রদান করে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা ডিভিশনের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টা ১০ মিনিটে আমাদেরকে আগুনের বিষয়ে অবগত করা হয়েছিল। ইপিজেডের ফায়ার সার্ভিস চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কারণে আমাদের নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ বিভিন্ন ইউনিটের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
পরে ইউনিটের ৯টির দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মূলত কাপড়ের স্টোর হওয়াতে কিছু কিছু স্থানে অল্প অল্প আগুন জ্বলছে। তবে এটাতে আর ঝুঁকি নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে আপাতত কিছু বলতে পারছি না।