নীলফামারী প্রতিনিধি
৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির জেলা শাখার নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিটি পাঠানো হয়। জেলা প্রশাসকের পক্ষে তা গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন।
স্মারকলিপি দেওয়ার আগে দলিল লেখক সমিতির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এ ছাড়া বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ, দলিল লেখক আজগর আলী সরকার ও ডিমলা উপজেলার দলিল লেখক মাসুদ রানা।
স্মারকলিপিতে দলিল লেখকদের ৭ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- দলিল নিবন্ধন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল লেখকদের সম্মানী ৫ হাজার টাকা নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখার সুযোগ না দেওয়া এবং অনভিজ্ঞ ব্যক্তিদের লাইসেন্স প্রদান বন্ধ করা।
এছাড়া সরকারি খরচে দলিল লেখকদের বসার ব্যবস্থা ও সার্বজনীন প্রার্থনার স্থান নির্ধারণ, দ্রুত ‘দলিল লেখক কাউন্সিল’ গঠন এবং পেশাগত কাজের কারণে দলিল লেখকদের ঢালাওভাবে আসামি না করার দাবি জানানো হয়েছে।
সমাবেশে সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সারা দেশে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করা হচ্ছে।
তিনি বলেন, সরকার দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে দলিল লেখকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করবে বলে তারা আশা করছেন।