নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক, জেলা পরিষদের ডিজিটাল ল্যাবে কম্পিউটার
প্রশিক্ষণে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন জেলা
পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।
জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব বরাদ্দের অর্থে ডোমার ও ডিমলা উপজেলার মোট ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে
শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীর হাতে ৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয়।
এ ছাড়া নীলফামারী জেলা পরিষদের ডিজিটাল ল্যাবে কম্পিউটার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা সাতজন প্রশিক্ষণার্থীকে সনদপত্র
প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন দুই ব্যক্তির চলাচলের সুবিধার্থে তাঁদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি
কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। এসব দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য
তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।