মনিরামপুর(যশোর)
প্রতিনিধি
যশোরের মনিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি-পচা খাবার সংরক্ষণ এবং প্যাকেটজাত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় দুই মিষ্টির দোকানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১২ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দাইয়ান আমীন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ডিপ ফ্রিজে মুরগির কাঁচা র*ক্তে*র ওপর অনাবৃত অবস্থায় সিঙ্গারা সংরক্ষণ করতে দেখা যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
অন্যদিকে অভিনন্দন মিষ্টান্ন ভান্ডারে প্যাকেটজাত দুগ্ধজাত পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় একই আইনের ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেছে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দাইয়ান আমীন ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।
মনিরামপুরের সকল মিষ্টির দোকানে এমন অভিযোগ থাকলেও ভ্রাম্যমাণ আদালত ঘুরে ফিরে ৪/৫ টি দোকানে অভিযান ভালো চোখে দেখছে না। আইন সবার জন্য সমান। সমগ্র মনিরামপুর অভিযান পরিচালনা করার দাবি সচেতন মহলের।