মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
২৭ সেপ্টেম্বর রবিবার। মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী (এমপি)।
উপস্থিত ছিলেন,জুড়ী-বড়লোখা আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন মিঠু, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী,জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন,জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান ভিপি মিজান ,জেলা বিএনপির সদস্য সচিব রিপন আহমেদ, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব , বকসি মিছবাউর রহমান, জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম ,জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় মাদক ও কিশোরগ্যাংয়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন,মৌলভীবাজার জেলার যেসব এলাকায় মাদকের বিস্তার রয়েছে, সেখানে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, জেলা শহরের বাসস্ট্যান্ড, প্রেসক্লাব মোড়, চৌমুহনাসহ যেসব স্থানে কিশোরগ্যাংয়ের আড্ডা রয়েছে, সেসব স্থানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। প্রশাসন যদি এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ সময় মন্ত্রী জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
বিশেষ করে জেলা শহরের রাস্তা-ঘাটের উন্নয়ন এবং মনু নদী প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
এ জাতীয় আরো খবর..