নারায়ণগঞ্জ জেলা মাছুমা মিয়া প্রতিনিধি:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রূপগঞ্জে পৌরসভার অধীনে একটি আধুনিক ল্যান্ডফিল্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে পৌরসভা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা করা হবে। ১৪ জুন রবিবার
সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এলাকার ভূলতা-গাউছিয়া-এশিয়ান হাইওয়ে সড়কে ফেলে রাখা ময়লা-আবর্জনার স্তুপ পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই, যাতে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হয় এবং পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। এজন্য রূপগঞ্জে একটি আধুনিক ল্যান্ডফিল্ড স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদন করা হচ্ছে। অনেক বিদেশি প্রতিষ্ঠান ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রযুক্তি ব্যবহার করে ময়লা-আবর্জনা থেকে এনার্জি, জৈব সার এবং মিথেন গ্যাস উৎপাদন করছে। রূপগঞ্জেও সেই ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে কাজ করা হবে।
মীর শাহে আলম বলেন, নতুন ল্যান্ডফিল্ডে বর্জ্য স্থানান্তরের পর দ্রুত সময়ের মধ্যে মন্ত্রণালয় ও বিদেশি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের পৌর প্রশাসক এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের জন্য পাঠানো হবে। বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশ দূষণ কমবে এবং ময়লার পরিমাণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
এই সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা গ সার্কেলের এএসপি মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচ এম সালাউদ্দিন, রূপগঞ্জ থানা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু , গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়াসহ রূপগঞ্জ থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।