মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।।
অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশ কর্তৃক শনিবার ১৮ জুলাই বিকেল ৩ ঘটিকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ক্যাম্প সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় অলি মিয়া (২৭), পিতা- আব্দুল করিম, সাং- জালালিয়া রোড, শ্রীমঙ্গল,মৌলভীবাজারকে হাতেনাতে আটক করা হয় এবং তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদকালে অভিযুক্ত অলি মিয়া (২৭) দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।
অভিযোগের সত্যতা থাকায় এবং হাতে নাতে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ধৃত হওয়ায় এবং অভিযুক্ত অলি মিয়া (২৭) এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ (চ) অনুযায়ী মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান। এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুনসহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। পাশাপাশি মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির একটি টিম সার্বিক সহযোগিতা করেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।