নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনের জন্য ২০২৪ সাল পর্যন্ত জমা পড়া মহাপরিচালক (ডিজি) ক্যাটাগরির সব আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সব ক্যাটাগরি মিলিয়ে ২০২৪ সাল পর্যন্ত জমা পড়া আবেদনও শতভাগ নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (৪ অক্টোবর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ক্যাটাগরির এনআইডি সংশোধনসংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, ২০২০ সালে অনলাইনে এনআইডি সংশোধনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৫ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের মধ্যে সবচেয়ে জটিল আবেদনগুলো মহাপরিচালকের ‘ঘ’ ক্যাটাগরির। এ ধরনের আবেদন নিষ্পত্তিতে বেশি সময় প্রয়োজন হয়।
কর্মকর্তারা জানান, এ ক্যাটাগরিতে ২০২৪ সাল পর্যন্ত জমা পড়া সব আবেদন নিষ্পত্তি হয়েছে। ২০২৫ সালের আবেদনগুলোও শেষ পর্যায়ে রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তি করে ২০২৬ সালের আবেদনগুলোর কাজ শুরু করা হবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, সব ক্যাটাগরি মিলিয়ে বর্তমানে প্রায় ১ লাখ ৩৫ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। তবে এটি স্বাভাবিক। কারণ, প্রতি মাসে গড়ে ৮০ হাজার থেকে ১ লাখ নতুন আবেদন জমা পড়ে। পুরোনো আবেদনের সংখ্যা এখন প্রায় নেই বললেই চলে।
তিনি আরও বলেন, ২০২৪ সাল পর্যন্ত সব ক্যাটাগরির আবেদন শতভাগ নিষ্পত্তি করা হয়েছে। ২০২৫ সালের আবেদনগুলোও প্রায় শেষ। এরপর ২০২৬ সালের ‘ঘ’ ক্যাটাগরির আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ২০২৬ সালের মাঠপর্যায়ের ক্যাটাগরির আবেদনগুলোও দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। এসব কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
‘ঘ’ ক্যাটাগরির এনআইডি সংশোধনসংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, আজ রোববার পর্যন্ত ২০২৪ সাল বা তার আগের ৬৩টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। এগুলো আজকের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের ৭ হাজার ৬০টি এবং ২০২৬ সালের ৭৫ হাজার ৬৯৬টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ‘ঘ’ ক্যাটাগরিতে ২ হাজার ৮৩৫টি আবেদন জমা পড়ে। ফেব্রুয়ারিতে ৩ হাজার ১৬০টি, মার্চে ৪ হাজার ৯৯৬টি, এপ্রিলে ৮ হাজার ৮৬৬টি, মে মাসে ৭ হাজার ৫৪৬টি, জুনে ৯ হাজার ৮৬৭টি, জুলাইয়ে ১১ হাজার ৮৪৫টি এবং আগস্টে ১২ হাজার ৮৪২টি আবেদন জমা পড়ে। সেপ্টেম্বরে জমা পড়ে ৬ হাজার ৭১৫টি আবেদন।
এর আগে গত আগস্ট মাসের এনআইডি সংশোধনসংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালের শুরু থেকে ২০২৬ সালের ২ আগস্ট পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য মোট ৬৩ লাখ ৭৮ হাজার ৭৩০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ওই সময় পর্যন্ত ৬২ লাখ ৩০ হাজার ৫৯২টি আবেদন নিষ্পত্তি করা হয়, যা মোট আবেদনের প্রায় ৯৮ শতাংশ। এসব আবেদনের মধ্যে ৪০ লাখ ৬১ হাজার ১৪৬টি অনুমোদন করা হয়। বিভিন্ন কারণে বাতিল করা হয় ১২ লাখ ৯৫ হাজার ৪৫৪টি আবেদন।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।