তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বাঁশের লাঠির আঘাতে রমজান আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার নূর মোহাম্মদ (২২) ও আশিক (১৮)-এর মধ্যে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে বলে নিশ্চিত করেছে সাটুরিয়া থানা পুলিশ।
অভিযোগ রয়েছে, ওই বিরোধের জের ধরে শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে একই এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে চেয়ারে বসে থাকা নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপর হামলা চালানো হয়। এ সময় আশিক ও তাঁর বাবা ছানোয়ার হোসেন (৪৮) বাঁশের লাঠি দিয়ে রমজান আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত রমজান আলীকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এমন মর্মান্তিক পরিণতি। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।