নিজস্ব প্রতিবেদক,
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন ল’ইয়ার্স কাউন্সিলের আইনজীবীরা।
সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির আইনজীবীরা। হামলার ঘটনায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে আগামীকাল বুধবার দেশের সব আইনজীবী সমিতিতে (বারে) বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।মানচিত্র দেখুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউসুফ আলী। এ সময় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি গোলাম রহমান ভূইয়া ও জালাল উদ্দীন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান ও রেজাউল করিম খন্দকার ও বারের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য আজিম উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
সমাবেশে শিশির মনির বলেন, রাহেদুল ইসলাম রঞ্জু জানিয়েছেন তিনি বারবার পরিচয় দিয়েছেন। তারপরও তাঁকে রড দিয়ে পেটানো হয়েছে। ওই ঘটনায় নয়নের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। এ অপরাধে একটি মামলা রুজু করা দরকার। পাশাপাশি দায়িত্বশীলদের পক্ষ থেকে একটি আলাদা সংবাদ সম্মেলনের আয়োজন করে ওই ব্যক্তির ছবি ও পরিচয় সুপ্রিম কোর্টের মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া উচিত।সংবাদ পড়ুন
সরকারকে উদ্দেশ করে শিশির মনির বলেন, ‘এই অরাজক পরিস্থিতি বন্ধ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিজেরাই খারাপ করতে বাধ্য করছেন। এভাবে যদি সুপ্রিম কোর্টের আইনজীবীকে অসম্মান করে পার পেয়ে যাওয়া যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে আর কিছু থাকবে না। আমাদের দায়িত্ব আইনের শাসনের জন্য কাজ করা। যিনি এ কাজ করেছেন, তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। আইনজীবীরা কীভাবে প্রতিবাদ করেন, তার ভাষা সম্ভবত তাঁর পক্ষে বোঝা সম্ভব নয়। আগামীকালই এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলার এবং তাঁকে বিচারের আওতায় আনা সবার স্বার্থেই জরুরি।
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা করে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ তাঁর লোকজন। ওই ঘটনায় গুরুতর আহত হয়ে রঞ্জু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।