মানিকগঞ্জপ্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হুমকি-ধামকি দিয়ে দেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না। শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় জনগণ কার্যকর দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত সরকারের সময় গুম, খুনসহ বিভিন্ন ঘটনার অভিযোগ রয়েছে। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ওই সরকারের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন বিভিন্ন বক্তব্য ও হুমকি দিয়ে আবার রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, এসব হুমকি-ধামকি দিয়ে জনগণকে থামানো সম্ভব নয়। বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নদীবিধৌত চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। খাল খনন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে চরাঞ্চলের মানুষের জীবিকা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বকনা বাছুর পালনের মাধ্যমে দরিদ্র পরিবারের আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে। সঠিকভাবে পরিচর্যা ও লালন-পালন করা গেলে এসব পরিবার ভবিষ্যতে ছোট খামারে পরিণত হতে পারে।
অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে চরাঞ্চলের সুফলভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে ২৫ জন সুফলভোগীর হাতে বকনা বাছুর ও পশুখাদ্য তুলে দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।