পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলায় মেয়ের জামাইয়ের হাতে খুন হয়েছেন শাশুড়ি মোমেনা বেগম। শনিবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের কুতুবকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম ওই গ্রামের কাঞ্চন গাজীর স্ত্রী। রোববার দুপুর ১টার দিকে একই উপজেলার চরগরবদী এলাকা থেকে মেয়ের জামাই জামালকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, মোমেনা-কাঞ্চন দম্পতির মেয়েকে বেশকিছু দিন পূর্বে বিয়ে দেয়া হয় চাঁদপুরের কচুয়া এলাকার মো. জামাল হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকে মেয়ের জামাই শ্বশুরবাড়িতে থাকতেন। কয়েকদিন পূর্বে হঠাৎ জামালের মানসিক সমস্যা দেখা দেয় এবং রাতে না ঘুমিয়ে ঘরের ভেতর হাঁটাচলা করতেন। ঘটনার দিনও রাতে না ঘুমিয়ে জামাল একইভাবে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকেন।
এ সময় শাশুড়ি মোমেনা হাঁটাহাঁটি না করে জামালকে ঘুমাতে বলেন। জামাল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে শাশুড়িকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টায় মারা যান।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে রক্তাক্ত শাশুড়িকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশালে পাঠিয়ে দেই। জামাতা জামালকে দুপুরের দিকে একই উপজেলার চরগরবদী এলাকা থেকে আটক করা হয়েছে।
Leave a Reply