নিজস্ব প্রতিবেদক:
লকডাউন উপেক্ষা করে দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
গতকাল সোমবার রাজধানীর বিজয় সরণি এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
মেয়র আতিকুল বলেন, মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য দোকানপাট খোলা রাখা যাবে; এমন বিধান রয়েছে। তবে সেগুলোর নির্দিষ্ট সময় রয়েছে, কিছু শর্ত রয়েছে। সেই সময়ের বাইরে গিয়ে বা সেই নিয়ম উপেক্ষা করে যদি কোনো দোকান খোলা রাখা হয়; তাহলে সেসব দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করে দেবে সিটি কর্পোরেশন।
তিনি বলেন, করোনাকালে সবার জন্য কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, যদি কারও ত্রাণের প্রয়োজন হয় সেক্ষেত্রে ৩৩৩ নম্বরে কল দিলেই ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
মেয়র আরো বলেন, বিজয় সরণি মোড়ের যানজট নিরসনে আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়া সব মোড়ে কানেকটিভিটির মাধ্যমে কীভাবে যানজট নিরসন করা যায় সে ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করছি।
Leave a Reply