নিজস্ব প্রতিবেদক
কঠোর লকডাউনের মধ্যে রাজধানীর মুগদার একটি সড়কের গলির মুখে মাদকাসক্তরা আড্ডা দিচ্ছিল। এ নিয়ে এক ব্যক্তি প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করা হয়। মারধরের শিকার ওই ব্যক্তির স্ত্রী এ বিষয়ে থানায় অভিযোগ করেন।
পরে এ অভিযোগের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গভীর রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুলাই রাজধানীর মুগদা থানা এলাকা থেকে এক গৃহিণী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে লিখে জানান, তার বাড়ির গলির মুখে সারা দিন কিছু বখাটে বসে থেকে নেশা করে এবং পাশ দিয়ে যাওয়া মানুষকে উত্ত্যক্ত করে। তার স্বামী একদিন প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করে সেই বখাটেরা। সেই গৃহিণী এ বিষয়ে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানাতে অস্বীকৃতি জানান।
তার বার্তা গ্রহণ করে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং ওসি মুগদা প্রলয় কুমার সাহাকে নির্দেশনা দেয় বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে ওই বখাটেদের খুঁজে বের করে আইনের আওতায় নেওয়ার জন্য।
এ বিষয়ে ব্যবস্থা নিতে ওসি মুগদা তার থানার একটি টিমকে সাদা পোশাকে নিয়োজিত করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ৭ জুলাই সন্ধ্যায় অভিযুক্তদের মধ্যে দুজনকে আটক করা হয়। বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
Leave a Reply