নিজস্ব প্রতিবেদক
কঠোর লকডাউনের নবম দিনে রাজধানীর একটি সড়ক।
করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনের নবম দিনে শুক্রবার সড়কে তেমন একটা ভিড়বাট্টা নেই। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আজও মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন তারা।
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেফতারও করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।
তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সকাল থেকে রাজধানীর সড়কে মানুষ কম বের হয়েছে। ফলে ঢাকার বিভিন্ন সড়ক প্রায় সুনসান। রাজধানীর আব্দুল্লাহপুর, আজমপুর, এয়ারপোর্ট, প্রগতি সরণি, রামপুরা, মালিবাগ, গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্বরোড এলাকা ঘুরে দেখে গেছে- লকডাউনে গণপরিবহন না চলার পাশাপাশি আগের দিনগুলোর তুলনায় সড়কে মানুষ ও যানবাহনের সংখ্যা অনেক কম।
সড়কে অল্প সংখ্যক ব্যক্তিগত গাড়ি, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ চলছে। তব অন্য সব বাহনের তুলনায় আজ রিকশার সংখ্যা কিছুটা বেশি। সেই সঙ্গে অন্যান্য দিনের মতোই সড়কে অনুমোদিত দোকান ছাড়া বাকি সব বন্ধ থাকতে দেখে গেছে।
এদিকে কঠোর লকডাউনের অষ্টম দিনে গতকাল বিনা কারণে ঘোরাঘুরি করায় রাজধানীতে এক হাজার ৭৭ জনকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে জরিমানা করা হয়েছে সাড়ে ৩৭ লাখ টাকার বেশি, যা একদিনে সর্বোচ্চ জরিমানা আদায়।
এছাড়া গত কয়েকদিনে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত বুধবার এ পর্যন্ত সর্বোচ্চ ২০১ জনের মৃত্যু খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ১১ হাজার ১৬২ জন।
আর গতকাল বৃহস্পতিবার এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫১ জন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্ত।
Leave a Reply