বরগুনা প্রতিনিধি
বরগুনায় নিজ ঘরে এক ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে বরগুনা শহরের উত্তর পাশে গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম বাদল খান।
স্থানীয়রা জানায়, তাদের জানা মতে বাদল খানের কোনো শত্রু নেই। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ ছাড়া অন্য কারো সঙ্গে তার কোনো বিরোধ ছিল না।
নিহত বাদল খানের আত্মীয়রা জানায়, প্রতিদিনের মত রোববার রাতেও স্ত্রীর সঙ্গে একই খাটে ঘুমিয়ে পড়েন বাদল খান। পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে চলে গেলেও এ সময় পাশে ঘুমিয়ে থাকা তার স্ত্রী কিছুই টের পাননি বলে জানা গেছে। পরে ঘুম ভেঙে গেলে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা সেখানে জড়ো হন। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের ধারণা, রাত ৩টার দিকে ঘর থেকে বের হয়ে গরু ঠিক আছে কি না দেখতে গোয়াল ঘরে যান বাদল খান। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আত্মগোপন করে। বাদল খান ঘরে ফিরে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে থাকতে পারে।
বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম জানান, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি।
Leave a Reply