নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় উপকূলীয় অঞ্চলের গরিব ও দুঃস্থদের মাঝে ২১ কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে।
এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক।
তিনি বলেন, বুধবার সকালে পবিত্র ঈদুল আজহার নামাজের পর কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় বাহিনীর (পূর্ব জোন, পশ্চিম জোন, দক্ষিণ জোন এবং ঢাকা জোন) বিভিন্ন স্টেশন এবং আউটপোস্ট উপকূলীয় অঞ্চলের গরিব ও দুঃস্থদের জন্য ২১টি গরু কোরবানি দেয়। সেই কোরবানির গরুর মাংস গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে কোস্ট গার্ড উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়িয়ে আসছে। করোনাভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এছাড়া কোস্ট গার্ডের আওতাভুক্ত উপকূলীয় অঞ্চলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগিতার এ ধারাবাহিকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
Leave a Reply