জ্যেষ্ঠ প্রতিবেদক:
যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহন খাতে বিশৃঙ্খলা-অরাজকতা, সড়ক দুর্ঘটনা এবং মালিক-শ্রমিক ও কর্তৃপক্ষের আধিপত্য থেকে মুক্তি পেতে ১৩ সেপ্টেম্বর তৃতীয় বারের মতো ‘যাত্রী অধিকার দিবস’ পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। সংগঠনটি বাংলাদেশে দুই দশক ধরে যাত্রী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনকালে বিশ্বব্যাপী বেসরকারি খাতে গণপরিবহনগুলোতে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য আরও বেড়েছে। সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ না করে গণপরিবহন চালানোর ফলে যাত্রী অধিকার ও নিরাপত্তা চরম হুমকির মুখে। অন্যদিকে, জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা দশকের (২০১১-২০২১) শেষ বছরেও বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে সড়ক দুর্ঘটনা কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনা যায়নি। তাই, যাত্রী অধিকার ও নিরাপত্তা আজ চরমভাবে ভূলুণ্ঠিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তি দিতে যাত্রী অধিকার ও নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্টদের সামনে আনতে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে তৃতীয় বারের মতো যাত্রী অধিকার দিবস পালন করা হবে।’
বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন ও যাত্রী অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত সংগঠনগুলোকে দিবসটি উদযাপনের অনুরোধ জানিয়েছেন সংগঠনটি।
Leave a Reply