আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া বার্তায় দাবি করেছেন, হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে খুলে দেওয়ার’ সিদ্ধান্তে চীন অত্যন্ত খুশি হয়েছে। ট্রাম্পের মতে, এই পদক্ষেপ কেবল চীনের জন্য নয় বরং গোটা বিশ্বের স্বার্থেই নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথ আর কখনও অবরুদ্ধ না হয়।
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি আরও দাবি করেন, ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করার বিষয়ে চীন একমত হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ সাম্প্রতিক কিছু গোয়েন্দা রিপোর্ট বলছে বেইজিং তেহরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন ঘাঁটির অবস্থান শনাক্ত করতে ইরানকে চীনা স্যাটেলাইট ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।
আগামী ১৪ ও ১৫ মে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প। এই সফর নিয়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প লিখেছেন, বেইজিংয়ে পৌঁছানোর পর শি জিনপিং তাকে একটি ‘বড়সড় উষ্ণ আলিঙ্গন’ দেবেন। দুই দেশ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুদ্ধের চেয়ে একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করা অনেক শ্রেয়।
তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে, প্রয়োজনে যুদ্ধ করার ক্ষেত্রেও আমেরিকা বিশ্বের যেকোনো দেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি চীন সফরে যাচ্ছেন। এর আগে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় এই দুই নেতার শেষবার দেখা হয়েছিল, যেখানে বাণিজ্য যুদ্ধ নিরসনে একটি সমঝোতা হয়।
অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কড়া সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ আচরণ হিসেবে অভিহিত করেছে। চীনা মুখপাত্র গুও জিয়া কুন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে বেইজিং গঠনমূলক ভূমিকা পালন করবে। চীনের মতে, মার্কিন সামরিক উপস্থিতি এবং এই অবরোধ অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে, যা হরমোজ প্রণালীর নিরাপদ চলাচলের জন্য বড় হুমকি।
যদিও ট্রাম্প দাবি করছেন চীন ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে না, কিন্তু মার্কিন সরকারের দীর্ঘদিনের অভিযোগ যে বেইজিং ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে আসছে।
সূত্র: এনডিটিভি
Leave a Reply