নিজস্ব প্রতিবেদক;
শহিদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিনে তার কবরে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
শহিদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিনে তার কবরে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
শহীদ শেখ ফজলুল হক মনি’র লেখনী যুবসমাজের জন্য পাথেয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শহিদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিনে শনিবার সকালে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার শেখ তাপস বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি কখনোই সত্য প্রকাশে দ্বিধা করেননি। লেখনীর মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখার পাশাপাশি মুজিববাদের কার্যক্রম তিনি তুলে ধরেছেন। এছাড়াও মুজিববাদের নীতি-আদর্শ কী হবে এবং মুজিববাদ বিস্তারে সংগঠনের নেতা-কর্মীদের কী করতে হবে- এ ব্যাপারে তিনি লেখনীর মাধ্যমে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন।
ঢাকা দক্ষিণের মেয়র আরো বলেন, শেখ ফজলুল হক মনি ছাত্রজীবন থেকেই জাতির পিতার নির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতার সংগ্রামে অনন্য ভূমিকা পালন করেছেন।
স্বাধীনতা পরবর্তী জাতি গঠনে মনি ৩টি পত্রিকা প্রকাশ করেন উল্লেখ করে মেয়র তাপস বলেন, শেখ ফজলুল হক মনি দৈনিক বাংলার বাণী, দৈনিক বাংলাদেশ টাইমস এবং সাপ্তাহিক ম্যাগাজিন সিনেমা চালু করেন। তিনি অনুধাবন করেছিলেন মেধাভিত্তিক জাতি গঠনে লেখনী অন্যতম ভূমিকা পালন করে এবং সেজন্য তিনি সাংবাদিকতায় যুক্ত হয়েছিলেন। এছাড়াও জাতি গঠনে যুব সমাজকে সুসংগঠিত করতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বাবা শহিদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উদযাপনে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
Leave a Reply