নিজস্ব প্রতিবেদক
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা।
গণতন্ত্রের মানসপুত্র খ্যাত উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৮তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন এবং এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরসহ অন্যান্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। গণতন্ত্র রক্ষা এবং অগ্রযাত্রায় গণতন্ত্রকামী সব দলকে এক হয়ে কাজ করতে হবে। দেশে গণতন্ত্রের পথ বিকাশে সাম্প্রদায়িক শক্তি বড় বাধা।৭৫‘ এর পর যে সাম্প্রদায়িক অপশক্তি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করেছে, ক্ষমতার মঞ্চে বসে সেই অপশক্তির দোষররা এখনো বেঁচে আছে। তারাই গণতন্ত্রের অভিযাত্রায় বারবার বাধা সৃষ্টি করে চলেছে। দেশের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ৭৫’র পর ষড়যন্ত্রের বেড়াজালে বারবার বলি হয়েছে গণতন্ত্র। নির্বাচনের কফিনে গণতন্ত্রকে বারবার লাশ বানানো হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছেন। অনেক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও এখনো পুরোপুরি পরিপূর্ণতা পেয়েছে, তা দাবি করা যায় না। গণতন্ত্রকে পরিপূর্ণতা দিতে হলে এ অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারাকে পরিপূর্ণতা এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এজন্য গণতন্ত্রপ্রিয় সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
Leave a Reply