নিজস্ব প্রতিবেদক :
প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) তৃতীয় লিঙ্গের দুই জনকে চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি দুই জন এসিড ভিকটিমকেও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।
এ উপলক্ষে বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ডিএনসিসি’র উদ্যোগে ‘সবাই মিলে সবার ঢাকা, পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএনসিসি’র প্রধান নির্বাহী সেলিম রেজা বলেন, যুগে যুগে পুরুষের পাশাপাশি নারীদের কর্মকাণ্ডের কারণেই সমাজে, রাষ্ট্রে সফলতা এসেছে। সেই নারীকে ক্লে নারী নয়, মানুষ হিসেবে ভাবতে হবে। মর্যাদা দিতে হবে।
শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, নারীদের অবদান ছাড়া বাংলাদেশের এতো উন্নয়ন সম্ভব হতো না। নারীদের স্বাস্থ্য, শিক্ষাসহ জীবনের সব বিষয়ে সবাইকে আরও নজর দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেন, নারীর সবচেয়ে বড় পরিচয় মা। সেই নারীদের দুই লাখ ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে তাদের সম্ভ্রম হারিয়েছেন। আজ কৃতজ্ঞচিত্তে তাদের স্মরণ করছি।
তিনি বলেন, ডিএনসিসি মেয়র আজ নারীদের সম্মাননা দিচ্ছেন, কাজের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই।
সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, নারীর প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। নারীর প্রতি সহিংসতা বন্ধ করার পাশাপাশি নারীকে স্বাবলম্বী হতে সাহায্য করা সবার নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, পুরুষতান্ত্রিক আমাদের সমাজে নারীরা অত্যাচারিত ও নির্যাতিত হন। সেসব বন্ধ করার লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে কঠোর আইন করা হয়েছে। নারী-পুরুষ একসাথে হাত ধরে দেশ এগিয়ে নেবে।
মেয়র আরও বলেন, ডিএনসিসির বর্তমান ৫ কমিশনার, বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদানসহ রামপুরায় বাসচাপায় নিহত ছাত্র মাঈন উদ্দিনের ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দিতে পেরে আমি গর্বিত।
Leave a Reply