নিজস্ব প্রতিবেদক :
গত দুই বছর ঘরবন্দি ঈদ উদযাপন করতে হয়েছে সবাইকে। তবে এ বছর করোনা নিয়ন্ত্রণ থাকায় রাজধানীর শপিংমল ও মার্কেটগুলোতে ক্রেতা সমাগম ও বেচাকেনা বাড়তে শুরু করেছে। এ জন্য ঈদ বাজার নিয়ে স্বস্তি প্রকাশ করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের আশা গত দুই বছরে ব্যবসায়ে যে ক্ষতির মুখে পড়েছে তা কিছুটা হলেও এ বছর লাঘব হবে।
ব্যবসায়ী ও মার্কেট দোকানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ঈদে করোনা কমায় ভালো বিক্রির সম্ভাবনা দেখা দিচ্ছে। বেচাকেনা ভালো হলে গত দুই বছরের ক্ষতির কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব হবে। তবে এখনো পুরোদমে বিক্রি শুরু হয়নি। রোজার শেষদিকে বিক্রি ভালো হবে বলে আশা করছেন মার্কেট ব্যবসায়ীরা।
রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে ঘুরে দেখা গেছে, সব দোকানেই নতুন নতুন কালেকশন দিয়ে দোকানের কর্নার সাজানো, যা ক্রেতাদের আকর্ষণ করছে। রমজান শুরুর দিকে হওয়ায় ক্রেতাদের তেমন ভিড় না থাকলেও মার্কেটগুলোতে ক্রেতার সমাগম ভালো।
নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সেলসম্যান তমিজ বলেন, এবার ঈদ উপলক্ষে শো রুমে নতুন নতুন কালেকশন এসেছে। কিন্তু এখনো বেচা-বিক্রি তেমন শুরু হয়নি। অধিকাংশ ক্রেতাই আসেন দেখতে, কেউ কেউ আবার কিনছেনও।
বঙ্গবন্ধু মার্কেটের দোকানী আলাউদ্দিন বলেন, ক্রেতা মোটামুটি ভালোই আছে। মেয়েদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। এ বছর যেহেতু করোনা নেই; আশা করি বেচা বিক্রির কোনো সমস্যা হবে না। এবার ঈদের বাজারটা পুরোপুরি জমে উঠবে। এবার ভালোভাবে বেচা বিক্রি করতে পারলে গত দুই বছর করোনার ক্ষতি পুষিয়ে নিতে পারব।
রাজধানীর নিউমার্কেটের ক্রেতা জিয়াসমিন বলেন, ঈদের ভির মাথায় রেখে আগেভাগেই কিছু পোশাক কিনতে আসছি, কিন্তু দাম অনেক বেশি। এখনো ঈদের অনেকদিন বাকি, তারপরও দোকানীরা দাম বেশি রাখছেন।
Leave a Reply