বিনোদন ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রুদ্রাক্ষ মালা উপহার দিলেন বলিউডের বরেণ্য অভিনেতা অনুপম খের। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন অনুপম। এ সময় নরেন্দ্র মোদির মা দুলারির জন্য রুদ্রাক্ষের মালাটি উপহার দেন এই অভিনেতা। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।
কয়েকটি ছবি পোস্ট করে অনুপম খের একটি টুইট করেছেন। তাতে এ অভিনেতা লিখেন, ‘শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনার সঙ্গে দেখা করে খুবই আনন্দিত হয়েছি। আপনি দেশবাসীর জন্য দিনরাত যে পরিশ্রম করছেন তা অনুপ্রেরণার। রুদ্রাক্ষ মালাটি যে গ্রহণ করেছেন, এজন্য আমি কৃতজ্ঞ।’
অনুপমের এ টুইটের জবাব দিয়েছেন নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি লিখেন, ‘অনেক ধন্যবাদ অনুপম খের। শ্রদ্ধেয় মা ও দেশবাসীর আর্শীবাদ জাতির সেবা করতে অনুপ্রাণিত করেন।’
অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি গত ১১ মার্চ ভারতের ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এ সিনেমা নিয়ে তৈরি হয় জটিলতা; যা আদালত পর্যন্ত গড়ায়। পরে সিনেমাটির পরিচালক-প্রযোজক নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। পরে মোদি সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেন। শুধু তাই নয় বিজেপি শাসিত রাজ্যে এ সিনেমা করমুক্ত করা হয়।
Leave a Reply