বিনোদন প্রতিবেদক :
জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এর আগেও হিন্দি গানে কন্ঠ দিয়েছিলেন। সেই সব গান শ্রোতারা বেশ পছন্দ করেছেন। নতুন এ সময়ের জনপ্রিয় এ গায়কের মৌলিক গানের হিন্দি মিউজিক ভিডিওটি প্রকাশের পর ‘বেশ ভালো’ সাড়া ফেলেছে।
২৭ মে প্রকাশিত গানটি দুদিনের মধ্যে ১৫ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন। ভারতের অ্যালিগ্যান্ট আই মিউজিক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ইমরানের গাওয়া হিন্দি ভাষার মৌলিক গান ‘ম্যানু দাস্তু’।
ইমরান বলেন, অভূতপূর্ব সাড়া পাচ্ছি এটি প্রকাশের পর। দুই বাংলা তো বটেই, হিন্দি ও পাঞ্জাবি ঘরানার শ্রোতাদের কাছ থেকেও সাধুবাদ পাচ্ছি গানটির জন্য। আশা করছি এখন থেকে নিয়মিত এমন উপহার নিয়ে হাজির হবো।
রজতের কথায় গানটির সুর-সংগীত করেছেন যৌথভাবে রাহুল ও অঞ্জন। আমান নটিয়ালের পরিচালনায় গল্প নির্ভর এই গানচিত্রে অভিনয় করেছেন ভারতের দুই মডেল নন্দনী শর্মা ও অনুজ সাইনি। যদিও এখানে নায়কের ভূমিকায় থাকার কথা ছিল ইমরানের। ঢাকার গানে যেমনটা তাকে পাওয়া যায়।
ইমরান বলেন, গানটি রেকর্ড করেছি ৬ মাস আগে। তখনই ভিডিওটির জন্য মুম্বাই যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার মাত্রা বাড়ায় যাওয়া হলো না। পরে গত মাসেও সেটি সেট করা হয়। তখনো যেতে পারিনি আমার ইউরোপ ট্যুরের জন্য। পরে আমাকে ছাড়াই শুটিং হলো। বাট সামনে আমরা আরো কাজ করছি, তখন হবে নিশ্চয়ই।
ইমরান জানান, অ্যালিগ্যান্ট আই মিউজিক বেশ নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান। তারা মূলত হিন্দি ও পাঞ্জাবি গান প্রডিউস করে। সনু নিগম, পলক মুচ্ছাল, সালমান আলিদের গান নিয়মিত প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ তথা ইমরানের নামও।
Leave a Reply