মো: আবদুর রহমান
গাজীপুরের কালীগঞ্জে এক ব্যক্তির লাশের তিনটি অংশ উদ্ধার করেছে কালীগঞ্জ উলুখোলা ফাঁড়ি পুলিশ। তবে খুন হওয়া ব্যক্তিটির পরিচয় জানা যায়নি।
শনিবার (০১ অক্টোবর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মানিক মিয়ার ভাড়া বাড়ির সামনে থেকে খণ্ডিত লাশটি (দুই হাত ও কোমড় থেকে উরু পর্যন্ত অংশ) উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি নাম-পরিচয় শনাক্তে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
তিনি আরো বলেন, লাশের বাকি অংশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। বাকি অংশ না পেলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো: মুজিবুর রহমান বলেন, সাবেক ইউপি সদস্যের ভাড়া বাড়ির সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তির দেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে ইউনিয়নের ভাসানিয়া গ্রামের অমূল বানার্ট গোসালের ছেলে সবুজ বানার্ট গোসাল (৩০) নিখোঁজ রয়েছে। তিনি পূর্বাচল অ্যাপারেল পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতো। এ ব্যাপারে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, আংশিক পাওয়া লাশটি ওই নিখোঁজ যুবক সবুজেরই বলে দাবি করছে তার পরিবার ও স্বজনরা।
স্থানীয়রা জানান, তাদের ধারণা, যেভাবে লোকটিকে টুকরা করা হয়েছে এটা উন্মুক্ত স্থানে নয়, বরং কোনো রুমের মধ্যে কাটা হতে পারে। কারণ এমন কাজ খোলা জায়গায় অসম্ভব।
Leave a Reply