বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
পুরষ্কার গ্রহণ করে ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ‘ডিউনটস্ট্রংএনাফ’ দল
বিশ্বের সর্বাধিক মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা হিসেবে বিবেচিত ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি)’। এ প্রতিযোগিতায় এশিয়ার আঞ্চলিক পর্বে অংশ নেওয়া ১৬৫টি দলের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ‘ডিউনটস্ট্রংএনাফ’ দল।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুই দিনব্যাপী বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এশিয়ার আঞ্চলিক এ পর্বে দেশের পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজসমূহের ১৬৫টি প্রতিযোগী দল অংশগ্রহণ করে। পরে আঞ্চলিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী দলগুলোর অংশগ্রহণে আন্তর্জাতিক আইসিপিসির চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২৩তম ব্যাচের আয়মান রাশিদ, জুবায়ের রহমান (নির্ঝর) এবং ২৪তম ব্যাচের অয়ন শাহরিয়ার দলটির সদস্য ছিলেন। এছাড়াও বিভাগটির আরও দুটি দল শীর্ষ দশ এবং অপর তিনটি দল শীর্ষ পঁচিশে জায়গা করে নেয়।
বিভাগের চেয়ারম্যান ড. সাইফুদ্দিন মো. তারিক সমকালকে বলেন, ‘এর আগের প্রতিযোগিতায় চীন, ইরান ও ভারত থেকে অনেক দল এসেছে। তবে করোনার কারণে এবার তারা অংশ নেয়নি।’
Leave a Reply