নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে ব্যাটারিচালিত রিকশার চালকরা। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে হামলায় মিজানুর রহমান নামে এক কনস্টেবল আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হামলার ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার জসিম উদ্দিন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের বক্তব্য, পল্লবীর কালশীর মূল সড়ক থেকে ব্যাটারিচালিত দুটি রিকশা আটক করা হয়। এ ঘটনায় ব্যাটারিচালিত রিকশার চালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালায়। তারা ইটপাটকেল নিয়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালায়।
ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চলাচল করতে পারবে না উচ্চ আদালতের এ নির্দেশনা মেনে নিয়মিত অভিযান চালানো হয়। দুটি রিকশা আটক করার পর চালকেরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়েছে।
Leave a Reply