নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের বেলকুচি থেকে হত্যা ও ডাকাতির পরিকল্পনায় জড়িত তিন ডাকাতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় আটকৃতদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে একটি বিদেশি রিভালবার, একটি শুটারগান, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।
আটককৃতরা হলেন- জেলার বেলকুচি উপজেলার জিধুরি গ্রামের ডাকাত সরদার মন্তাজ আলী, ডাকাতদলের সদস্য একই গ্রামের আলী হাসান ও লিখন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জুলহাস উদ্দিন, আব্দুল ওয়াদুদ ও সহকারী উপপরিদর্শক মিন্টু সেখ নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে জেলার বেলকুচি উপজেলার সমেশপুরে একটি রেস্টুরেন্টে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মন্তাজ আলী, আলী হাসান ও লিখনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা একটি হত্যাকাণ্ড ও একটি ডাকাতি পরিচালনার পরিকল্পনা করছিল বলে জানান।
পুলিশ সুপার আরও বলেন, পরিকল্পনার বিষয়টি জানার পর অধিকতর জিজ্ঞাসাবাদে তারা এই দুটি কাজে ব্যবহার করতে যাওয়া অস্ত্রের বিষয়ে তথ্য দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি রিভালবার, একটি ওয়ানশুটারগান, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ বিষয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম, মো. সামিউল আলম, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, বেলকুচি থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান প্রমুখ।
Leave a Reply