ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে এক বিকাশকর্মীকে কুপিয়ে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সোমবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার কালিগঞ্জ-গান্না সড়কের দইঝুড়ি মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।
আহত বিকাশকর্মীর নাম মামুন হোসেন। তিনি কালিগঞ্জ উপজেলার কোলা গ্রামের মন্টু মিয়ার ছেলে।
বিকাশের কালিগঞ্জ উপজেলার সুপার ভাইজার আব্দুস ছালাম জানান, মামুন হোসেন দুপুরে মোটরসাইকেল চালিয়ে কালিগঞ্জ শহর থেকে গান্না সড়ক ধরে কোটচাঁদপুর উপজেলার জালালপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে দইঝুড়ি মোড়ে পৌছালে চারজন যুবক প্রথমে চোখে ধুলা-বালি জাতীয় দ্রব্য ছিটিয়ে দেয়। এ এসময় সে মোটরসাইকেল থেকে পড়ে গেলে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে এবং তার ব্যাগে থাকা প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফ জানান, ওই বিকাশকর্মীর শরীরে অন্তত ৫টি স্থানে ধারালো দায়ের কোপের চিহ্ন রয়েছে। এরমধ্যে ডান হাতের বড় শিরা কেটে গেছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, বিষয়টি আমি এখনও অবগত না, তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply