নিজস্ব প্রতিবেদক:
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে মেট্রোরেল চালু হবে না। ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারিতে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হতে পারে। তবে শুরু থেকেই পুরোদমে নাকি স্বল্প পরিসরে মেট্রোরেলে যাত্রীবাহী ট্রেন চলবে, তা আরও কয়েকদিন পর জানা যাবে। এরপর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হবে।
দিয়াবাড়ি-কমলাপুর মেট্রোরেল পথের (এমআরটি-৬) উদ্বোধন প্রস্তুতি সভায় এসব আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র সমকালকে জানিয়েছে। রোববার সচিবালয়ে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
মেট্রোরেলের নির্মাণকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এমআরটি-৬ এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ চালুর জন্য প্রস্তুত হবে।
রোববারের বৈঠকে মেট্রোরেলের অগ্রগতি পর্যালোচনা করা হয়। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল পথের ৯টি স্টেশনের সাতটির কাজ সম্পন্ন হয়েছে। টেস্টিং ও কমিশনিং চলছে। তবে শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনে ওঠানামার সিঁড়ি এখনও প্রস্তুত নয়।
সড়কের ওপর নির্মিত মেট্রোরেলের স্টেশনে ওঠানামার জন্য উভয় দিকে তিনটি করে সিঁড়ি থাকবে। রোববার সরেজমিনে দেখা গেছে, শেওড়াপাড়া ও কাজীপাড়ার স্টেশনের দুই পাশে দুটি করে সিঁড়ি নির্মাণ কাজ চলছে। তৃতীয়টির কাজ এখনও শুরু হয়নি।
রোববারের সভায় অংশ নেওয়া সড়ক পরিবহন বিভাগের অতিরিক্ত সচিব (আরবান ট্রান্সপোর্ট) নীলিমা আখতার সমকালকে বলেন, উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তা শেষ হলে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে যাবে। সরকার প্রধানের ঠিক করা তারিখে চালু হবে মেট্রোরেল।
এমআরটি-৬ সহ ঢাকায় পাঁচটি মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ২০১২ সালে অনুমোদিত এমআরটি-৬ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের আগস্টে। পাঁচ বছরে দিয়াবাড়ি-আগারগাঁও অংশে কাজের অগ্রগতি ৯৭ শতাংশ।
জাপানের ঋণে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় নির্মাণাধীন এমআরটি-৬ লাইনে পিকআওয়ারে সাড়ে তিন মিনিট অন্তর ট্রেন চলার কথা। তবে সভা সূত্রের খবর, প্রথম দিকে যাত্রী কম হবে, তাই এত স্বল্প বিরতিতে ট্রেন চলবে না। যাত্রী বাড়লে ট্রেন বাড়বে। মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁওয়ের ভাড়া ৬০ টাকা। কমলাপুর পর্যন্ত ভাড়া ১০০ টাকা। ২০২৪ সালে আগারগাঁও থেকে কমলাপুর অংশ চালু হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply