নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে ‘ডিজিটাল সমাবর্তন’ বয়কট করে আলাদা সমাবর্তন দাবি করেছেন ঢাবি অধিভুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া সাত কলেজের সর্বোচ্চ ফলধারী শিক্ষার্থীদের আলাদা স্বর্ণপদক দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এক মানববন্ধনে তারা এ সব দাবি জানান।
মানববন্ধনে তারা বলেন,’ সমাবর্তনে অংশগ্রহণ করা মোট শিক্ষার্থীর অর্ধেকের বেশি সাত কলেজের শিক্ষার্থী। ডিজিটাল সমাবর্তনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের প্রতি বৈষম্য করছে। এতে তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এমন সমাবর্তন চান যেখানে সরাসরি মহামান্য রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একজন সমাবর্তন বক্তাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন’।
তারা আরও বলেন, ‘সাত কলেজের ভালো ফলাফল করা কৃতি শিক্ষার্থীদের কোন ধরনের পদকে ভূষিত করা হয় না। সাত কলেজের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা হোক। আলাদা সমাবর্তনের মাধ্যমে ভালো ফলাফল করা কৃতি শিক্ষার্থীরা যেন অতিথিদের কাছ থেকে সরাসরি পদক গ্রহণ করতে পারেন সেই দাবিও জানান তারা’।
রোমান হাসান নামে একজন বলেন, ‘সমাবর্তন হলো একজন গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সবচেয়ে স্মরনীয় দিন। যেখানে শিক্ষার্থীকে একজন সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা সনদ হস্তান্তরের মাধ্যমে সম্মানিত করে থাকেন। কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাত কলেজের সমাবর্তন দেওয়ার কারণে সাত কলেজের শিক্ষার্থীরা এ ধরনের সকল আয়োজন থেকে বঞ্চিত হোন। আমরা ডিজিটাল সমাবর্তন চাই না৷ এটি আমাদের জন্য অপমানের৷ আমরা চাই একসঙ্গে সরাসরি আমাদের সমাবর্তন দেওয়া হোক অথবা অথবা সাত কলেজের জন্য আলাদা সমাবর্তন৷’
এ দিকে সমাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘সমাবর্তনের বিষয়টি মহামান্য চ্যান্সেলরের অনুমোদন ও সদয় সম্মতিক্রমে গ্রহণ করা হয়। সেখান থেকে সাত কলেজের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা এলে আমরা সেভাবে আয়োজন করব।’
মানববন্ধনে আরও অংশ নেন ঢাকা কলেজের শিক্ষার্থী ইসমাইল হোসেন, কেফায়েত হোসেন, মোনায়েম, মুরসালিনসহ অনেকে।
প্রসঙ্গত, আগামী ১৯ নভেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদনকল্পে পরিচালিত ১৩৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হবে মূল অনুষ্ঠান। এ ছাড়া অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের গ্রাজুয়েটরা ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের গ্রাজুয়েটরা ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে সমাবর্তনে অংশ নেবেন।
Leave a Reply