নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৪৮টি মামলা করা হয়েছে।
শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪২৬.১৬ গ্রাম হেরোইন, ৭৩ বোতল ফেনসিডিল, ২ হাজার ৭০৪ ইয়াবা, ১৫ গ্রাম আইস ও ২০ কেজি ৬৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
Leave a Reply