নিজস্ব প্রতিবেদক:
‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ভলিবল চ্যালেঞ্জ কাপ ২০২২’ এবং ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ও ওম্যানস আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ উপলক্ষে কাপ ও লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র ও বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম বলেছেন, ভলিবলকে এগিয়ে নিতে স্কুল পর্যায়ে ছাত্র ও ছাত্রী উভয়ের জন্য ভলিবল খেলার আয়োজন করা হবে।
তিনি বলেন, দেশজুড়ে ফুটবল ও ক্রিকেটের মতো ভলিবলকেও এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশন। ভলিবল খেলাকে চলমান রাখতে হবে। তরুণ প্রজন্মের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত সুন্দর একটি সমাজ গড়তে তরুণদের খেলার প্রতি আগ্রহী হতে হবে।
মঙ্গলবার রাজধানীর গুলশানে নগর ভবনে হল রুমে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ভলিবল চ্যালেঞ্জ কাপ ২০২২’ এবং ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ও ওম্যানস আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ উপলক্ষে কাপ ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র।
আগামী ২২ থেকে ২৬ ডিসেম্বর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এবং আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ও ওম্যানস আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ শুরু হতে যাচ্ছে কক্সবাজারে। বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল ও কিরগিজস্থান এই ৪টি দেশ এতে অংশ নেবে।
কাপ ও লোগো উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউনুস, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সহ-সভাপতি তাবিউর রহমান পালোয়ান ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
Leave a Reply