নিজস্ব প্রতিবেদক:
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠান পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) নানা অনিয়মের চিত্র তুলে ধরেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তাঁরা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ও প্রমাণ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পিডিবিএফের চাকরিচ্যুত উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মসিউর রহমান, মাঠ কর্মকর্তা সোহানা নাসরিন ও মাঠকর্মী তানভীর আহমেদ। এ সময় অনেক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করেন, পিডিবিএফের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় বর্তমান এমডির আমলে অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীকে বিনা অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে। অনিয়ম-দুর্নীতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা দুটি শ্বেতপত্রও প্রকাশ করেছেন। অপশাসন, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদূরদর্শিতার কারণে প্রতিষ্ঠানটির সাড়ে ৪ হাজারের মতো কর্মী ও সাড়ে ১১ লাখ সুফলভোগী পরিবার অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন।
তাঁরা বলেন, পিডিবিএফের বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হয়েছে। পল্লি এলাকায় সৌর সড়কবাতি স্থাপনে ১০০ কোটি টাকার প্রকল্পে ঠিকাদারকে বাদ দিয়ে ডিকে করপোরেশন নামে একটি সাব ঠিকাদার দিয়ে কাজ করানো হয়েছে। দুই বছরে ৩০০ কর্মকর্তা-কর্মচারীর পদায়ন ও বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে। পি কে হালদারের নামসর্বস্ব লিজিং প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিংয়ে পিডিবিএফের ১৫০ কোটি টাকা রেখে কমিশন নেওয়া হয়েছে। এ নিয়ে দায়ের মামলাটিও নিষ্ফ্ক্রিয় করে রাখতে তৎপর পিডিবিএফ বোর্ড। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত দু’জন ভারপ্রাপ্ত পরিচালক সহিদুল হক খান ও মুহিউদ্দিন আহমেদ পান্নুর নিয়োগ বাতিল, তাঁদের নেওয়া অর্থ ফেরত ও চাকরিচ্যুত করার বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ থাকলেও কর্তৃপক্ষ তা অনুসরণ করেনি। দুই বছরে প্রতিষ্ঠানটির খেলাপি ঋণ ৫০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। প্রণোদনা ঋণ আদায়ের হার ৭০ শতাংশের নিচে নেমে এসেছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পিডিবিএফের বর্তমান এমডি মউদুদউর রশিদ সফদারকে নিয়োগের সময় এই পদে আবেদনের জন্য বয়স নির্ধারণ করা ছিল সর্বোচ্চ ৬০ বছর। কিন্তু ওই সময় তাঁর বয়স ছিল ৬০ বছরের বেশি। পরবর্তী সময়ে তাঁর জন্য প্রবিধানমালা সংশোধন করা হয়। পিডিবিএফের এমডি নিয়োগ ও চাকরি প্রবিধানমালা অনুযায়ী ৬২ বছরের বেশি বয়স হলে কেউ এমডি পদে থাকতে পারবেন না। গত ২৪ আগস্ট বর্তমান এমডির বয়স ৬২ বছর অতিক্রান্ত হয়েছে। বর্তমানে তিনি অবৈধভাবে দায়িত্ব পালন করছেন।
এসব অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে সংবাদ সম্মেলনের পর এমডি মউদুদউর রশিদ সফদারকে মোবাইল ফোনে কয়েকবার কল দেওয়া হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
Leave a Reply