কক্সবাজারপ্রতিনিধি:
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় আটক দুই দালালকে ১০ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের গোলচত্বর এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে আটক দণ্ডপ্রাপ্ত দালালদ্বয় হলেন- কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া মহল্লার মৃত আবদুর রহিমের ছেলে আবদুস সবুর (৩২) ও পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের সব্বির আহমদের ছেলে মনির উদ্দিন (৬০)।
পাসপোর্ট অফিসের কর্মরত তিনজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় একজন কর্মকর্তা পালিয়ে যায়।
কক্সবাজার জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত অফিসের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের নিকট থেকে সরকার নির্ধারিত ফি’র বাড়তি অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে আটক করে।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদী মাহাবুবা আটক দুজন পাসপোর্ট সংক্রান্ত কাজে দালালির মাধ্যমে সম্পৃক্ততার কথা স্বীকার করলে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন।
Leave a Reply