নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার প্রক্টর বরাবর অভিযোগ দেন ভুক্তভোগী ফেরদৌস হাওলাদার। অভিযোগপত্রে ওই ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাত আরও ২ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা যায়।
ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪৯তম ব্যাচ) শিক্ষার্থী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র।
এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক শেখ শাহরিয়ার পারভেজ শাওন। তিনি দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮ তম ব্যাচ) শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ সংলগ্ন মাঠ থেকে ফেরার পথে একটি মোটরসাইকেলে আসা তিন শিক্ষার্থী ফেরদৌস হাওলাদারের গতিরোধ করে। এদের মধ্যে শেখ শাহরিয়ার পারভেজ শাওন তাকে ধরে এলোপাতাড়ি চড়-থাপ্পর মারতে থাকে।
ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, তাদের শারীরিক নির্যাতনটি ছিল ছিনতাইয়ের প্রাথমিক মহড়া। পরে যখনই তারা জানতে পারে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তখনই স্থান ত্যাগের জন্য তড়িঘড়ি শুরু করে।
ভুক্তভোগী ফেরদৌস হাওলাদার বলেন, অভিযুক্ত কারো সঙ্গে আমার পূর্বপরিচয় কিংবা কোনো শত্রুতা নেই। স্কুল ও কলেজ সংলগ্ন মাঠ থেকে ফেরার পথে তারা আমার গতিরোধ করে এবং মারধর করে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে অভিযুক্ত শেখ শাহরিয়ার পারভেজ শাওনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ছিনতাই চেষ্টার কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে তদন্ত ও প্রমাণসাপেক্ষে কেউ অপরাধে যুক্ত হলে কোনো ছাড় দেওয়া হবে না। কারও অপরাধের দায় সংগঠন নেবে না। সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply