বিনোদন ডেস্ক
টালিউড অভিনেতা বনি সেনগুপ্তকে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে তাকে। বৃহস্পতিবার (৯ মার্চ) ইডি দফতরে হাজিরা দেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন ইডি সূত্রে জানিয়েছে, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে অভিনেতা বনির আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
এদিন সকাল সোয়া ১০টার দিকে ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র নিয়ে ইডি দফতরে হাজিরা দেন টালিউড নায়ক।
এছাড়া নিয়োগ দুর্নীতি মামলায় ফের এজেন্টকেও তলব করেছে ইডি। শান্তনু ব্যানার্জিকেও সংস্থা থেকে তলব করা হয়েছে। শান্তনু ও কুন্তল দুজনই হুগলির যুব তৃণমূল নেতা।
তদন্দকারী সংস্থা জানতে পেরেছে, শান্তনু ও কুন্তলের মধ্যে যোগাযোগ ছিল। সে কারণে কুন্তলের গ্রেফতারি পর থেকে শান্তনু একাধিকবার ইডির জেরার মুখে পড়েন।
তবে টালিউড অভিনেতা কিংবা এজেন্ট শান্তনুই নয়। কয়েকদিন আগেই কুন্তলের ঘনিষ্ঠ পার্লার মালকিন সোমা চক্রবর্তীকেও তলব করে তদন্তকারী সংস্থা। যদিও তিনি অর্থ লেনদেনের বিষয়টি মেনে নিয়েছেন। সোমার দাবি, শুধু বন্ধুত্বের সম্পর্কে ব্যবসা করার জন্য টাকা দিয়েছিলেন কুন্তল। হুগলির যুব তৃণমূল নেতা যে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত, এ বিষয় একদমই জানা ছিল না তার।
Leave a Reply